দেশবার্তা রিপোর্ট: প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে অধিকতর সম্পৃক্ত করার চলমান প্রয়াসের অংশ হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে কানাডায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন- “গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য।“ তিনি আরো বলেন যে, “রেমিট্যান্স প্রেরণ, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা অত্যাবশ্যক”।
এ অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন আয়োজন করা হয় যেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
তিনি ইতোমধ্যে কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন বাংলাদেশি প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেয়ার মাধ্যমে কানাডায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নবগৃহীত এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা বিদেশস্থ বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
এ তালিকায় এবার যুক্ত হলো কানাডা। এই উদ্যোগের অংশ হিসেবে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রবাসীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।
এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ । অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
কানাডায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র কার্যক্রম সেবা চালুকরণ বাংলাদেশের জন্য একটি মাইলফলক, যার মাধ্যমে সরকার দেশের প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল এবং দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি তাঁদের ভোটাধিকার নিশ্চিতকরণের অভিপ্রায়ও সুস্পষ্টভাবে প্রতিফলিত হলো।