April 19, 2026, 10:09 pm | Converter

দেশীয় পণ্যে ভরসা রাখতে দেশবাসীকে আহ্বান মোদির, বিদেশি পণ্য বর্জনের বার্তা

Deshbarta Report
  • Update Time : Sunday, September 21, 2025,

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন—বিদেশি পণ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় পণ্য ব্যবহারে মনোযোগী হওয়ার। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই বার্তা দেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে টানাপোড়েন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই বক্তব্য দেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর, প্রধানমন্ত্রী মোদি দেশীয় উৎপাদন ও স্বনির্ভরতার ওপর জোর দিতে থাকেন।

মোদি বলেন, ‘‘আমাদের চারপাশে অনেক পণ্য রয়েছে, যেগুলো বিদেশ থেকে আসে—আমরা সেটা বুঝতেও পারি না। এখন সময় এসেছে এসব পণ্য থেকে বেরিয়ে এসে দেশেই উৎপাদিত জিনিস ব্যবহারের।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা যদি আত্মনির্ভর ভারত গড়তে চাই, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে হবে।’’ যদিও তিনি কোন কোন দেশের পণ্য এড়িয়ে চলতে হবে, তা সরাসরি উল্লেখ করেননি।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী ও সমর্থকেরাও এই আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে কিছু মার্কিন প্রতিষ্ঠানের পণ্য বর্জনের ডাক দিয়েছেন—যার মধ্যে রয়েছে ম্যাকডোনাল্ডস, পেপসি ও অ্যাপলের মতো জনপ্রিয় ব্র্যান্ড।

প্রসঙ্গত, সোমবার থেকে চালু হতে যাওয়া নতুন কর ছাড়ের আগে প্রধানমন্ত্রী এই বার্তা দেন, যা অনেকের কাছেই অর্থনীতিকে ঘরোয়া পথে টেনে আনার কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD