গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর দাহ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সাতটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
দুর্ঘটনার সময় আগুন নেভানোর চেষ্টাকালে আরও একটি বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দ্বিতীয় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের একজন অফিসারসহ মোট পাঁচজন দগ্ধ হন। আহতদের মধ্যে রয়েছেন—অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা এবং মো. জয় হাসান। তবে কারখানার যে কর্মকর্তা দগ্ধ হয়েছেন, তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিক বিস্ফোরণের পর ভেতরে অবস্থানরত লোকজন দ্রুত বাইরে চলে আসেন। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরুর পরই দ্বিতীয়বার কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়, ফলে হতাহতের ঘটনা ঘটে।
দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, “৭টি ইউনিট কাজ করছে এবং বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।”