দেশবার্তা রিপোর্ট: পার্ক-এক্সটেনশন সহ মন্ট্রিয়লের বিভিন্ন এলাকায় পার্কিং সমস্যা সমাধানের ম্যান্ডেট নিয়ে এবারের সিটি নির্বাচনে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে ফিউচার মন্ট্রিয়ল নির্বাচনী প্রচার চালাচ্ছে। মেয়র ভ্যালেরি প্লান্ত এর দল প্রজেক্ট মন্ট্রিয়লের দীর্ঘ ৮ বছরের শাসনামলে মন্ট্রিয়লের বিভিন্ন এলাকায় অপরিকল্পিত বাইসাইকেল রাস্তা বানানোর কারনে এবং বিভিন্ন রাস্তা সরুকরণের কারনে নগরবাসী অতিষ্ঠ। অপর দল সোরায়া মার্টিনেজের এনসাম মন্ট্রিয়লও মন্ট্রিয়লের পার্কিং ব্যবস্থা উন্নয়নের নির্দিষ্ট কোন সমাধানের কথা না জানালেও দলটি বলেছে “বাইসাইকেল রাস্তা অডিট করা হবে”, দলটির এই মন্তব্যে বেশিরভাগ শহরবাসী বলছেন যে নতুন করে অডিটের আর কি আছে, সরাসরি সমাধানের কথা কেন বলছেনা দলটি? এদিকে প্রজেক্ট মন্ট্রিয়ল থেকে পদত্যাগ করে ক্রেইগ সৌভের নতুন দল ট্রানজিশন মন্ট্রিয়লও পার্কিং সমস্যার ব্যাপারে একই পথে হাটছে। এবারের সিটি নির্বাচনে অংশ নেয়া আরেকটি দল ফিউচার মন্ট্রিয়ল তাদের নির্বাচনী ইশতেহারে সরাসরি বাইসাইকেল রাস্তা স্থগিত করার কথা বলেছে। দলটির প্রধান ও মেয়র পদে নির্বাচন করা জ্যাঁ-ফ্রানসোয়া কাকোউ বলেছেন ” ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সামনে পার্কিং না রেখে বাইসাইকেলের রাস্তা নির্মাণ স্থানীয় ব্যবসায়ীদের মূল ক্ষতির কারন, আমাদের দল ক্ষমতায় আসলেই এগুলো বন্ধ করা হবে”। এবারের নির্বাচনে ফিউচার মন্ট্রিয়লের টিকেটে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে লড়ছেন মোহাম্মদ ইউসুফ। অধিবাসী অধ্যুষিত এলাকা পার্ক-এক্সটেনশনে বর্তমান মিউনিসিপ্যাল সরকারের বাতিল করা প্রায় ৪০০ পার্কিং স্পট আবার ফিরিয়ে আনাকে অন্যতম এজেন্ডা মনে করছেন মোহাম্মদ ইউসুফ।