June 4, 2026, 9:44 am | Converter

ভাঙ্গায় থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন

Deshbarta Report
  • Update Time : Monday, September 15, 2025,

ফরিদপুরের ভাঙ্গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে মিছিল শুরু করে ভাঙ্গা গোলচত্বর পর্যন্ত পৌঁছে। তারা ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা ও ভাঙচুর চালায় এবং উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করে।

জানা গেছে, বিক্ষোভকারীদের একটি বড় অংশ বর্তমানে গোলচত্বর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, উত্তেজিত জনতা তাদের ধাওয়া দিলে পুলিশ সদস্যরা মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হয়।

সাংবাদিকরা ছবি তুলতে গেলে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে, যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

উপজেলা সদরের দিকে বিভিন্ন জায়গা থেকে জনতা সমবেত হচ্ছেন—কেউ হেঁটে, কেউ ভ্যান বা মোটরসাইকেলযোগে। তবে এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, “আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।”

More..
Archive
© All rights reserved © deshbarta.ca 2025

Developer Design Host BD